তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে সুমনকে হাজির করা হয়। এ সময় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান। তিনি জানান, বিচারক মমিনুল হকের কাছে সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে শনিবার রাত ৭টা ২০ মিনিটে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। পরে তাঁকে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর তাজমিনের মুঠোফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। শুক্রবার (৯ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে তাজমিনের মুঠোফোন উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে সে নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970