আওয়ামী লীগকে বিলুপ্ত ও ফেসবুক-ইউটিউবে ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: সংগৃহীত

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করছেন, এমন সাতজন জুলাই যোদ্ধা ও জনস্বার্থে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদনটি করা হয়েছে।

রিটকারীরা হলেন, হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন।

রিট আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সহিংসতায় উসকানি দেয় এমন যেকোনো কনটেন্ট সরিয়ে ফেলার আবেদন জানানো হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং তথ্যসচিবকে।

আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ। এ ছাড়া যে নামেই অভিহিত হোক না কেন, দলটির সঙ্গে সম্পৃক্ত অন্য সংগঠনগুলোকেও আবেদনের আওতায় আনা হয়েছে।

সংসদের আইন বা অধ্যাদেশের মাধ্যমে এসব সংগঠনকে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না, এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা এর পক্ষে যুক্তি দিচ্ছেন এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ধরনের ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970