বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের গুরুতর অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ হেফাজতে নেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন এক প্রবাসফেরত ব্যবসায়ী। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।
এ সময় মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়েছে, তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এ ঘটনায় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে অন্য এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ছাড়া আসামিরা বাদীকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন এবং তার পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। পাশাপাশি মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মুফতি রুহুল আমিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে তদন্ত সংস্থা। রিমান্ড আবেদনে সংঘর্ষের ঘটনায় তার ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না এবং অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
এ ছাড়া সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় শনাক্ত, ঘটনার পেছনের পরিকল্পনা ও উদ্দেশ্য অনুসন্ধান, আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায় নির্ধারণের বিষয়গুলোও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে খতিবের পদ থেকে অপসারণ করে।