কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডি ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী এবং সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের জন্য রিমান্ড আবেদন করা হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৩ মে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।