ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন।
সোমবার দুপুরে তিনি বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।
সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।”
তিনি আরও জানান, সাক্ষাৎকালে তিনি ড. ইউনূসকে তার বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিলে তিনি অভিনন্দন ও শুভকামনা জানান।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি জুলাইকে কেন্দ্র করে দেশের উন্নয়ন ও তরুণদের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সাদিক কায়েম বলেন, তরুণদের উদ্যোগ ও কর্মকাণ্ডে ড. ইউনূস সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, দেশের কাঙ্ক্ষিত সংস্কার, জনমতের প্রতিফলন এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে ড. ইউনূসের সহযোগিতা ও পরামর্শ চাওয়া হয়েছে। একই সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সময়ের সংকটময় পরিস্থিতিতে দেশের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।