বড়দিন উদ্যাপনে দুই কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদানের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদ্যাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান বরাদ্দের প্রস্তাব করা হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে চলতি ২০২৬ সালে বড়দিন উদ্যাপনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ অর্থ খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়।
তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ট্রাস্টের চাওয়া অর্থের চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়।