বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে বঙ্গভবন থেকে রওনা হন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার আনুষ্ঠানিক অবস্থানেরও সমাপ্তি ঘটে।
সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস। দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
মো. সাহাবুদ্দিন, যিনি ‘চুপ্পু’ নামেও পরিচিত, ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং চলতি বছরের ২৪ জুলাই পদত্যাগ করেন।
তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।