‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশের অর্থবছরের সময়সীমায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। প্রচলিত ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে এখন থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুসরণ করে সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, বাংলাদেশে এতদিন ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হতো। এতে জুলাই ও আগস্টে বর্ষাকালের মধ্যেই বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলত। ফলে বৃষ্টির কারণে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ বাড়ত।

নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণেই এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অর্থবছর পরিবর্তনের পরবর্তী কার্যক্রম নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এ পরিবর্তন কার্যকর করতে বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

এ ছাড়া নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থায়ও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর ৯ মাসের মধ্যে শেষ করার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমায় নতুন অর্থবছর কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970