রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম
সব আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পরপরই প্রধানমন্ত্রীর পাশে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে লাল গোলাপের স্টিক দিয়ে তাকে অভিনন্দন জানান তিনি।
এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত তুলে সালাম ও অভিবাদন জানান।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে নবনির্বাচিত রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এগিয়ে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। পরে সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।
একপর্যায়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এ সময় সংসদ কক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।