মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার শপথ গ্রহণ করবেন।
সোমবার ২ নভেম্বর বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় জানানো হয়, মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান।