রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে কবর জিয়ারত করতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে একই দিন দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। এ সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970