বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:২২ এএম
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটদানে বিরত ছিলেন ছয় সংসদ সদস্য।
এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।