এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের পরিবর্তে আগামী নভেম্বরে শুরু হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে এ ভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, অক্টোবরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের কারণে স্থানীয় নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার কথা জানিয়েছে ইসি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে আগামী নভেম্বরকে সামনে রেখে নির্বাচনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বিষয়টি বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু করার কথা ভাবা হচ্ছে। তবে নভেম্বরের প্রথম দিন থেকেই ভোট শুরু হবে—এমনটা নয়। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, এর সঙ্গে পৌরসভা নির্বাচনও আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশনের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970