ঘুষের অভিযোগ ও কর্মস্থলে অনুপস্থিতি: পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ ছাড়া রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। প্রজ্ঞাপনে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের চাকরি থেকে বরখাস্তের কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে একজনকে উপপরিদর্শক পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে নিজের হিসাবে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। তবে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলেও তিনি তা ফেরত দেননি।

পরে ভুক্তভোগীর অভিযোগের পর তদন্তে রোকনুজ্জামানের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া বরিশাল মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় এই দুই কর্মকর্তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970