নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।
বুধবার (০২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা গ্রহণ করা হয়।
কমিটির সভাপতি আমানউল্লাহ আমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১০-এর নিলোফার চৌধুরী মনি, সংরক্ষিত মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৪০-এর মোসা. নাজমুন নাহার।