সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশে ১ শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের একটি অংশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব অসৎ পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, একইভাবে কিছু হলুদ সাংবাদিকও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। পাশাপাশি কিছু কনটেন্ট নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদেরও চিহ্নিত করা প্রয়োজন।
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ঘটেছে। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ ষড়যন্ত্র হিসেবে মনে করছে।
তিনি বলেন, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ৮৭ শতাংশেরই খোঁজ পাওয়া গেছে।
এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আইজিপি। সেখানে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কিশোর অপরাধ নিয়েও কথা বলেন।
আইজিপি বলেন, একাধিকবার গ্রেপ্তার করার পরও আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, দেশে, বিশেষ করে রাজধানী ঢাকায়, কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।