‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে। ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি সরকারের অতীত কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন তিনি। তার বক্তব্যের একপর্যায়ে সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে নিজের নির্ধারিত দুই মিনিটের বক্তব্য দিতে দাঁড়িয়ে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য।
রুমিন ফারহানা বলেন, প্রত্যেক সরকারেরই একটি নির্দিষ্ট চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস ও বিদ্যুৎ সংকট হবে না- এমনটা হতে পারে না। একইভাবে সার সংকট হবে না, দরিদ্র কৃষকরা সার কারখানায় গিয়ে সার লুট করবেন না এটিও সম্ভব নয়।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষে থাকবে না, সেটিও হওয়ার মতো নয়। একইভাবে বাংলাদেশ ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থানে যাবে না এটিও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে শীর্ষে থাকা এবং বিপুল পরিমাণ ঋণখেলাপি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া।
এ সময় সংসদে হট্টগোল শুরু হলে রুমিন ফারহানা বলেন, সংসদে এত অসহিষ্ণুতা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ সরকারের আমলে ফিরে গেছেন তারা। তিনি বলেন, আওয়ামী লীগকে সমালোচনা করার সময়ও সংসদে একই ধরনের হট্টগোল হতো। এখন বর্তমান সংসদেও একই ধরনের আচরণ দেখা যাচ্ছে, বরং আরও খারাপ আচরণ হচ্ছে।
ব্যাংক রেজল্যুশন বিলের একটি ধারা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিলে ১৮-এর ‘ক’ ধারা যুক্ত করা হয়েছে। আগে বলা হয়েছিল, এই ধারা রাখা হবে না। কিন্তু শেষ পর্যন্ত তা রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সংসদের অনেক সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতে রিট করা এবং নির্বাচনের পর আবার ঋণখেলাপির বিষয় সামনে আসা এটি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
তার বক্তব্যের সময় সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।