নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৯ পুলিশসহ আহত ১১
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ৯ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
দুপুর আড়াইটার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকেরা। তাদের এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময় সড়কে আগুন জ্বালানোর পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। তবে একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকেরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জেলা পুলিশের তিনজন এবং শিল্প পুলিশের ছয় সদস্য আহত হন। এ ছাড়া পুলিশের লাঠিচার্জে দুই শ্রমিক আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে প্রথমে তাদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরে তারা সড়কে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর শুরু করেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।