নতুন নামে যাত্রা শুরু করল র্যাব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। সংক্ষেপে এসআরবি নামে বুধবার থেকে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।
বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ জানিয়েছেন, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র্যাবের নাম পরিবর্তন করে নতুন নামেই সব কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নতুন নামের ব্যবহার দেখা গেছে। বাহিনীর ব্যবহৃত লোগোতে র্যাবের পরিবর্তে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করা হচ্ছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর নতুন আইন কার্যকর হয়। এর পরদিনই নতুন নামে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীটির বিভিন্ন কার্যক্রম আলোচিত হলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাহিনীটি বিলুপ্ত করার দাবিও জোরালো হয়।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব এবং বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র্যাব বিলুপ্ত করার দাবি জানায় বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি।
এরই ধারাবাহিকতায় এবার বাহিনীটির কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন পরিচয়ে মাঠপর্যায়ে কার্যক্রম চালু করা হলো।