গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলার শিকার হয়ে গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং লায়লা গার্মেন্টসে চাকরি করতেন।

তৌফিকের কাকা বাচ্চু মিয়া জানান, বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে তৌফিক বাংলাবাজার এলাকায় আসেন। পরে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন। শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়েছে।

তৌফিকের স্কুলশিক্ষক প্রদীব কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় পাড়ি জমায় তৌফিক। হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে তারা জানতে পেরেছিলেন। মঙ্গলবার সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পান তারা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দাফন সম্পন্ন করতে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970