গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রেস সচিব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ২১২ দিনের মধ্যেই বেশ কিছু ইতিবাচক ফলাফল অর্জন করেছে। এরই মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন তিনি।

বুধবার ১৬ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালেহ শিবলী।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সরকার সতর্ক করেছে। এ কারণে এডিস মশার লার্ভা ধ্বংস করতে বাড়ির আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়ার পাশাপাশি নিয়মিত চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন।

প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন, এটি বড় কোনো বিষয় নয়। বরং তার প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, ক্ষমতা ভোগ করার জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখতে পাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970