‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ এ ছাড়া তিনি বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
অডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘পুলিশ কিছুই করতে পারবে না।’
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যমে ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।