যমুনার চরে অশ্লীল যাত্রা ও জুয়ার আসর, প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
জামালপুরের ইসলামপুরে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আসর পরিচালনার অভিযোগে নির্মিত প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের সীমান্তবর্তী টগারচর গ্রামে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টগারচর গ্রামে গত দুই দিন ধরে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি চক্র। এসব আয়োজনের পেছনে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিরাতে এসব আয়োজন চলায় এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মাদক কারবার, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ পরিস্থিতিতে এসব কার্যক্রম বন্ধে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
পরে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে ইসলামপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। উপপরিদর্শক দীপক, রহুন আমিন, খলিল ও অমৃতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা ও জুয়ার আসরের জন্য নির্মিত প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দেয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রাপ্যান্ডেল ও মঞ্চ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।