উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই: ইসি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম
জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আগামী ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছে কমিশন।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এমন ব্যস্ত সময়সূচির মধ্যেই কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।