স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

স্বৈরাচার এবং গুপ্ত বাহিনী আবারও একই ছাতার নিচে একত্রিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার, ১ অক্টোবর বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই গুপ্ত বাহিনীর সদস্যদের বলতে শোনা গেছে তারা কাজ করলে নাকি কারো কোনো আপত্তি নেই। তাদের মধ্যে কোনো আপত্তি না থাকারই কথা, কারণ তারা বরাবরই একসঙ্গেই ছিল। ১৯৯১ সাল, ১৯৮৬ সাল কিংবা বিগত নির্বাচনগুলোর সময়েও তারা তলে তলে এক হয়ে কাজ করেছে। আর এই কারণেই তাদের গুপ্ত বলা হয়ে থাকে।

তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম, হত্যা এবং গায়েবি মামলার শিকার হয়েছেন। সেই কঠিন দিনগুলোতে রাজপথে এই গুপ্ত বাহিনীর কাউকে কোনো আন্দোলন বা মিছিলে দেখা যায়নি।

তারেক রহমান বলেন, সম্প্রতি দেশের একটি বিশেষ গোষ্ঠী অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাদের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কর্মসূচি নেই। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বন্ধ কারখানা চালু এবং ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানীর মতো জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে। অথচ স্বৈরাচার ও তাদের দোসরদের এসব নিয়ে কোনো পরিকল্পনা নেই।

প্রধানমন্ত্রী ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট দেওয়ার মতো বিভ্রান্তিকর কথা ছড়িয়েছে। বেহেশত ও দোজখের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যা দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহর, তা কোনো মানুষ দেবে বললে তা বড় ধরনের অন্যায় ও মুনাফিকির পর্যায়ে পড়ে। এদের ব্যাপারে দেশবাসীকে সর্বদা সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে জনসভার শুরুতে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। সভা শেষে তিনি ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এদিন দুপুরে পরশুরামে মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন ও ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970