এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে প্রায় ১৫ মিনিট সংসদ ভবনে অবস্থান করেন মিষ্টি। সে সময় সাংবাদিকদের তিনি জানান, স্পিকার তাকে ডেকে পাঠানোর কারণেই তিনি দেখা করতে এসেছেন। সংসদ ভবনে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় সেটিতে কিছুই ছিল না।
এর আগে সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে স্পিকারের কাছে গিয়ে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে মিষ্টির জড়িত থাকার অভিযোগ ওঠে। গত বুধবার ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ওই সংসদ সদস্যের জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর ১ নম্বর এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে বড় যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তবে এসব অভিযোগ উঠলেও শুরু থেকেই ভাঙচুর ও হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।