রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আগে গুরুত্বপূর্ণ ধাপ ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমোদন পাওয়া গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করার আগে আরও দুটি অনুমোদন প্রয়োজন হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ব্যবস্থার নিরাপত্তা ভালভ নিয়ে জটিলতার কারণে এত দিন ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন আটকে ছিল। সম্প্রতি রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বিভিন্ন কৌশলে সমস্যাটির সমাধান করে।
পরে একাধিক পরীক্ষায় নিরাপত্তা ভালভের কার্যকারিতা সন্তোষজনকভাবে প্রমাণিত হলে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদনের পথ খুলে যায়। এখন রিঅ্যাক্টরে ধাপে ধাপে নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন বিক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে রিঅ্যাক্টর স্থির অবস্থা থেকে সক্রিয় পরিচালন পর্যায়ে প্রবেশ করবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ভৌত চালুকরণ পর্যায়ে রিঅ্যাক্টরকে নির্ধারিত তাপীয় ক্ষমতার ১ শতাংশেরও কম শক্তিস্তরে পরিচালনা করে প্রাথমিক ক্রিটিক্যালিটিতে নেওয়া হবে। এরপরই শুরু হবে প্রথম স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন বিক্রিয়া।
এ সময় রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ পরামিতি, বিভিন্ন ব্যবস্থা, নিরাপত্তাব্যবস্থা ও নিয়ন্ত্রণ সরঞ্জামের কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। ফার্স্ট ক্রিটিক্যালিটিসহ পুরো ভৌত চালুকরণ প্রক্রিয়ায় প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে।
পরীক্ষার ফল সন্তোষজনক হলে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে।