রাজুর সঙ্গে ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজারে যায় তাজমিন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ১৫ বছর বয়সী তাজমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত রাজু চৌধুরী নামে ২০ বছর বয়সী এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজারে গিয়েছিল। তাদের পরিচয় ও সম্পর্কের বয়স ছিল মাত্র ১৭ দিন।

জানা গেছে, রাজু চৌধুরী কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাজমিন চার দিন ধরে নিখোঁজ থাকলেও ঠিক কবে কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে সে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরে কুমিল্লায় ফিরে সেখান থেকে কক্সবাজারে পাড়ি জমায়। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে জানিয়েছিল, সে এক বান্ধবীর বাসায় যাচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা আইকনিক এক্সপ্রেসের বাস থেকে কুমিল্লার প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে নামে তাজমিন।

কক্সবাজারের কক্সেস প্যানারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ৬ অক্টোবর রাত ৮টার পর তাজমিন তার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে বাসের টিকিট কাটতে কাউন্টারে আসে। তখন তাদের একজন ছেলে ও একজন মেয়ে যাত্রী হিসেবেই মনে হয়েছিল। পরদিন বুধবারের জন্য রাজু একটি টিকিট কাটে।

বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে বাসটি পদুয়ারবাজারের হোটেল নূরজাহানে পৌঁছায়। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে।

তাজমিন হত্যাকাণ্ডের খবর জানার পর আবদুল্লাহ বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি মেয়েটিকে তাজমিন হিসেবে শনাক্ত করেন। পুলিশ তথ্য চাইতে পারে, এমন ধারণা থেকে তিনি আগেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। পরে জানতে পারেন, তাজমিনের সঙ্গে কক্সবাজার থেকে আসা রাজু হত্যাকাণ্ডে জড়িত নয়। পুলিশি তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া, বয়স ৩৫ বছর।

এদিকে তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে আনতে বান্ধবীর বাড়িতে যেতে চেয়েছিলেন তিনি। এ সময় বান্ধবীর নাম এবং তার মা বাবার পরিচয় জানতে চাইলেও তাজমিন কিছু জানায়নি।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে পদুয়ারবাজারের হোটেল নূরজাহানের সামনে নামে তাজমিন। সেখান থেকে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাচালক সুমন তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।

পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970