সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত

আগামী সোমবার ২৬ অক্টোবর থেকে নতুন রুটে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী ট্রেনটি এবার কক্সবাজার পর্যন্ত যাত্রীসেবা দেবে। একই সঙ্গে কার্যকর হবে নতুন সময়সূচি।

শুক্রবার ২৩ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে ট্রেনটি।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে ঢাকার বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এই রুট চালু হলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি এসব ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না।

ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহে রোববার ট্রেনটির সাপ্তাহিক বিরতি থাকবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, ঢাকা থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন রুটে চলাচলের জন্য গত ১৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970