রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে নতুন ধাপের সূচনা হলো।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়।
এই পর্যায়ে পারমাণবিক চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ শৃঙ্খল বিক্রিয়া বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে চুল্লিতে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এর আগের সব পরীক্ষা নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের বি ওয়ান পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এর পরের ধাপ হলো বি টু পর্যায়। এ পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ শৃঙ্খল বিক্রিয়া তৈরির প্রক্রিয়া। এই পর্যায়ে নিয়ন্ত্রিতভাবে পরমাণুর বিভাজনের মাধ্যমে তাপশক্তি উৎপাদন শুরু হয়।
পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এ জন্য প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ও নিরাপত্তাসংক্রান্ত ধাপগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লিতে প্রাথমিক জ্বালানি ভরার প্রস্তুতির জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।