মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন করা যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআরটিএ।

বিবৃতিতে বলা হয়, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়।

প্রাথমিকভাবে এ কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে বিআরটিএ। পরে নতুন সিদ্ধান্তে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের প্রতিফলকযুক্ত ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের ধরন অনুযায়ী সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকারও নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ হবে ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর একটি অনুভূমিক রেখায় লেখা যাবে। উদাহরণ হিসেবে ঢাকা মেট্রো ল ১১ ১২২৯ নম্বরটি উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970