এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে আসনসংখ্যা শিক্ষার্থীর তুলনায় বেশি হওয়ায় ভর্তির সুযোগ নিয়ে উদ্বেগের কারণ নেই।

ভর্তির যোগ্যতা ও মানদণ্ডের বিষয়ে তিনি বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের যোগ্যতা নির্ধারণ করে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970