আড়াই বছর পর চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত হলেন হারুন অর রশীদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। প্রায় আড়াই বছর আগে কর্মস্থলে অনুপস্থিত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে নেওয়া বিভাগীয় ব্যবস্থার পর এ সিদ্ধান্ত এলো।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। এ ঘটনায় দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। পরে তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। তদন্তে তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হারুন অর রশীদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।

হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরি থেকে বরখাস্তের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970