বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।

স্বাধীনতার পর বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অপচেষ্টা বিভিন্ন সময়ে চালানো হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ চালিয়েছিল। এর পরবর্তী ভয়াবহ পরিণতি দেশবাসীর জানা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

লাখো শহীদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রথম ও প্রধান কর্তব্য হলো যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় কর্তব্য হলো শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও কল্যাণমূলক পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নির্দেশিকা প্রণয়ন করেছে।

সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এ ছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি ঘোষণা দেন, আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পাশাপাশি দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970