গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূইয়া
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না বলে গ্যারান্টি দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম ভূইয়া বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলে অনেক শিক্ষক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। যারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে। তারা বলছেন, এত বড় একজন বয়স্ক মানুষকে আটক করা হয়েছে। অথচ আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? তিনি ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরেছেন। তাকে ধরে ধরে ওঠানো হতো, আবার হাতকড়াও পরানো হয়েছিল।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সেলিম ভূইয়া বলেন, তাকেও হাতকড়া পরিয়ে টেনে টেনে আদালতে নেওয়া হতো। তিনি ৪০টি মামলার আসামি ছিলেন। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে তুলে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তিনি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছেন। এসব ঘটনা তারা সহজে ভুলে যাননি।
সেলিম ভূইয়া বলেন, তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করেন না। তবে তাদের কেউ দুর্বল মনে করলে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে বইপুস্তকে বিভিন্ন কথা শেখানো হয়েছে। তার দাবি, শিক্ষকদের দিয়েই এসব লেখা হয়েছে। তাদের ভাড়া করে বইপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হতো।
শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা তুলে ধরে বলেন, শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। এমনকি মৃতদেহ দাফন করার মতো লোকও ছিল না।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।