আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাঙালি হিসেবে নয়, বরং স্বতন্ত্র জাতিগত পরিচয়েই ফিরিয়ে নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের। এ জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি বাংলাদেশ ইতিমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারকে অবশ্যই মেনে চলতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও দেশটির।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে এর পরিণতি ভোগ করতে হবে।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নিজস্ব জাতিগত পরিচয় অক্ষুণ্ন রেখেই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। বাঙালি হিসেবে পরিচিত করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। প্রত্যাবাসনের আগে তাদের নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর পরিচালিত দমন অভিযান চলাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে আদালত ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে সিদ্ধান্ত দেন।
রায়ে গণহত্যা প্রতিরোধ ও এ অপরাধের শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারের পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গণহত্যাসংশ্লিষ্ট অপরাধের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিকেল থেকেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে টেলিভিশন ও বড় পর্দায় তা দেখেন আশ্রিত রোহিঙ্গারা। রায়ের খবর ছড়িয়ে পড়ার পর অনেককে আনন্দ প্রকাশ, কান্না ও মোনাজাত করতে দেখা যায়। দীর্ঘদিনের বিচার ও নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
তবে রোহিঙ্গাদের প্রত্যাশা, আদালতের রায় যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে। বাস্তবেও যেন নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন।
দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং জাতিগত পরিচয়ের স্বীকৃতিসহ বিভিন্ন জটিলতায় তা কার্যকর হয়নি।
রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারে ফিরে যাওয়ার আগে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজ বসতভিটায় ফেরার নিশ্চয়তা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার দিতে হবে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের ফলে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সামনে নতুন কূটনৈতিক ও আইনি সুযোগ তৈরি হয়েছে। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
তাদের মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কোনোভাবেই জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে হওয়া উচিত নয়। নিজস্ব জাতিগত পরিচয়, নাগরিক অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই তাদের মিয়ানমারে ফেরার পরিবেশ নিশ্চিত করতে হবে।