না পারলে বলেন পারছি না, সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম
১১ দলের ঐক্যের লংমার্চ নিয়ে সরকারের সমালোচনার জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাত দফা দাবি বাস্তবায়ন করতে না পারলে সরকারকে তা স্পষ্টভাবে জানানো উচিত। তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নে সরকারের ব্যর্থতার কারণেই লংমার্চের প্রয়োজন দেখা দিয়েছে।
সোমবার ৫ অক্টোবর বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার বলছে মাত্র ছয় মাস হয়েছে, তাহলে এখনই লংমার্চের প্রয়োজন কেন। তবে সাত দফা দাবির বিষয়ে সরকারের ব্যর্থতার কারণ কী, সেই প্রশ্নও দেশবাসীর রয়েছে।
সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন করতে না পারলে সরকার বলতে পারে যে তারা পারছে না এবং তাদের ক্ষমা করে দিতে। কিন্তু সরকার সেটিও বলছে না। বরং একের পর এক সমস্যার সমাধান না হয়ে তা বাড়ছে। এ কারণে লংমার্চ সময়োপযোগী ও যুক্তিসংগত।
এর আগে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে অনুষ্ঠেয় লংমার্চের প্রস্তুতি নিয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সাত দফা দাবিতে আয়োজিত কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে ১১ দলের ঐক্যের পক্ষ থেকে তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় বলে জানান গোলাম পরওয়ার।
এ ছাড়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রদলের নেতা কর্মীদের হামলার ঘটনাতেও সভায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
লংমার্চের কর্মসূচি সম্পর্কে গোলাম পরওয়ার জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ হবে। এরপর পদ্মা সেতু ও মাওয়া সড়ক হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট ও খুলনা হয়ে রূপসা সেতু পার হয়ে যশোর ও ঝিনাইদহের পথ ধরে কুষ্টিয়ায় যাবে লংমার্চ।
কুষ্টিয়া জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পথে কয়েকটি স্থানে পথসভা করার কথাও জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, পদ্মা সেতু পার হওয়ার পর সকাল আনুমানিক ৯টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী চার রাস্তার মোড়, খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।
জামায়াতের এই নেতা বলেন, বিরোধী ঐক্যের কর্মীরা কোনো ধরনের উসকানিতে পা দেবেন না। সর্বোচ্চ ধৈর্য ধরে লংমার্চের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়া সরকারের উচিত।
১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।