‘ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’ লিখে এনসিপি নেতার পদত্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
রাজনৈতিক সহিংসতা ও দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা নেতার নাম মো. জাহাঙ্গীর আলম অজয়। তিনি ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার ৬ অক্টোবর সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান জাহাঙ্গীর আলম অজয়। একই সঙ্গে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রের ছবি সংযুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, সুন্দর একটি দেশ ও জাতি বিনির্মাণে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতার কারণে কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবেন না।
তিনি আরও লেখেন, এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মকে তার রাজনীতির জন্য খেসারত দিতে হবে। এ কারণে তার ওপর অর্পিত জাতীয় নাগরিক পার্টির ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।
ফেসবুক পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে নিজের বক্তব্য শেষ করেন জাহাঙ্গীর আলম অজয়।
তবে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেন, কিছু অনিবার্য পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের প্রতি তার আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে জাহাঙ্গীর আলম অজয় আরও বলেন, বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত বা সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা তিনি চান না।
এ কারণে দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতার কথা বিবেচনা করে স্বেচ্ছায় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের প্রতি অনুরোধ জানান।