কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধ বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিনের নজরদারি, গোপন অনুসন্ধান এবং তথ্য সংগ্রহের পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অভিযুক্তরা হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় অবস্থান করে বিভিন্ন প্রবাসী ও প্রতিষ্ঠানের কাছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করতেন। তারা ৫ ও ১০ কুয়েতি দিনারের সরকারি স্ট্যাম্প বাজারদরের চেয়ে কম মূল্যে সরবরাহ করে অবৈধভাবে বিপুল অর্থ আয় করছিলেন।

কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টের পরিচালিত অভিযানে চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তারা অত্যন্ত সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করছিল। সরকারি স্ট্যাম্পের আসল কাগজ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির সহায়তায় জাল স্ট্যাম্প তৈরি করা হতো।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের স্ট্যাম্প পেপারের রোল জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তরা একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে সেগুলো ব্যবহার করে জাল স্ট্যাম্প প্রস্তুত করতেন। পরে এসব জাল স্ট্যাম্প বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এ ধরনের জালিয়াতির কারণে শুধু সরকারি রাজস্বই ক্ষতিগ্রস্ত হয়নি, রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি অর্থ, নথিপত্র ও রাজস্ব সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970