মাদারীপুরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে আতিকা আক্তার (১৩) এবং মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে জান্নাত আক্তার (১৪)। আতিকা ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জান্নাত স্থানীয় পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

আহত কিশোরী লাবিবা আক্তার (১২) বালাকান্দি এলাকার শামিম আহমেদের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যায় আতিকা। পরে দুই খালাতো বোনকে নিয়ে সে নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার বিকেল ৩টার দিকে তিনজন একসঙ্গে নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়।

তাদের ডুবে যেতে দেখে একজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত লাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান জানান, পানিতে ডুবে যাওয়া তিন কিশোরীকে বিকেলে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর কিশোরীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা ভালো।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970