ডিএনএ টেস্টে ফাঁসলেন নারী, মিথ্যা ধর্ষণ মামলা করায় কারাগারে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগ করানোর দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

মঙ্গলবার বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল কবির রুবেল জানান, রায় ঘোষণার সময় লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত লিপি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। ওই মামলায় তিনি নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। পরে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে।

পরবর্তী সময়ে লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে প্রমাণিত হয়, কামাল উদ্দিন শিশুটির জৈবিক পিতা নন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে বেকসুর খালাস দেন।

মিথ্যা অভিযোগে মামলা করে অযথা কারাভোগ করানোর প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970