গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে এক দিনের কারাদণ্ড

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেনকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক আরও দুজনকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। দণ্ডপ্রাপ্ত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাদকদ্রব্যসহ আটকের পর প্রচলিত আইনে নিয়মিত মামলা না করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দিনের কারাদণ্ড দেওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্রদল নেতা হওয়ায় তাকে এক দিনের সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ব্রিজ এলাকায় তিনজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান আটক তিনজনকে এক দিন করে কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একদিন করে কারাদণ্ড দিয়েছেন।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970