ঘরের স্টিলের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের কৃষক শাহাব উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিনের পুরোনো ঘর থেকে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটি থাকায় স্টিলের দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় শিশুদের মা আয়না মতি বেগম বাড়ির বাইরে ঘাস কাটতে গিয়েছিলেন। তাদের বাবাও বাড়ির বাইরে ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম ফকির বলেন, এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। সংযোগের ত্রুটির কারণে স্টিলের দরজাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।