সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা, ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এমপির অভিযোগ অনুযায়ী, হামলার সময় তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি বিবেচনায় তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে সেখান থেকে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় আয়নুল হক বলেন, তার ওপর হামলা হয়েছে এবং একজন সরকারদলীয় সংসদ সদস্য হয়েও তিনি নিরাপদ নন। তিনি বলেন, ‘আমাদের জানমালের নিরাপত্তা নেই।’
হামলার জন্য জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী ছাত্রশিবিরের লোকজনকে দায়ী করে আয়নুল হক বলেন, তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।