কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক নূর উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত শিক্ষার্থীরা হলেন যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটিতে থাকা ৪০ শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।