নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সুপার জানান, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ ও রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন বক্তব্যসংবলিত ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ওই রাতেই ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের বিষয়টি জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা করে প্রচারণা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান এবং অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানান। পরে প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করা হয়।