বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে নামাজ পড়তে গিয়ে মারা গেলেন স্বামীও
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
নড়াইলের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার দিবাগত রাত ২টার দিকে তার স্ত্রীর মৃত্যু হয়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফজরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদে অসুস্থ হয়ে মারা যান তিনি। রোমান মোল্যা ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন।
ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। নামাজ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার জোহরের নামাজের পর স্বামী ও স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তাদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।