মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে উড়োজাহাজেই প্রবাসীর মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে উড়োজাহাজেই মৃত্যু হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশির। উড়োজাহাজটি কাতারের বিমানবন্দরে পৌঁছানোর পর জরুরি চিকিৎসাকর্মীরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব জসিম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ ছৈয়দ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জসিম। প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজটি কাতারের বিমানবন্দরে পৌঁছালে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা দলের সদস্যরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
জসিমের বড় ভাই মো. ইউনুছ বলেন, শুক্রবার রাতে তারা ভাইয়ের মৃত্যুর খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জসিম হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। কাতার থেকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
জসিম উদ্দিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বজনদের সঙ্গে দেখা করতে দেশে ফেরার পথে তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।