তালাবদ্ধ বাসা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় নিজ বাসা থেকে বেলী রাণী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহত বেলী রাণী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় বসবাস করেন। স্বামীর মৃত্যুর পর থেকে বেলী রাণী নিজ বাড়িতে একাই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির দোতলায় একা থাকতেন বেলী রাণী। নিচতলায় বসবাস করতেন ভাড়াটিয়ারা। গত দুই থেকে তিন দিন ধরে তাকে বাড়ির বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা তার খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ভবনের এক ভাড়াটিয়া মো. মারুফ জানান, গত শুক্রবার বেলী রাণীকে শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকে তার কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তারা ধারণা করেছিলেন, বৃদ্ধা কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। দুই থেকে তিন দিন আগে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।