জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার এবং আদালতে দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় হাজির করার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসা কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ফাইয়াজের বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ফাইয়াজ। সে সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তিনি তখন ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৭ জুলাই থেকে আন্দোলনে অংশ নেওয়া ফাইয়াজ বন্ধুদের সঙ্গে মিলে সামনের সারিতে থাকা আন্দোলনকারীদের পানি ও খাবার সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলনকারীদের উৎসাহিত করতেন।
আন্দোলনের উত্তাল সময়ে ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকধারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যান। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকা মহানগর হাকিম আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
আদালত থেকে বের করার সময় ফাইয়াজের দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় প্রিজনভ্যানে নেওয়ার একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র ১৭ বছর বয়সী একজন শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় উচ্চ আদালতেও রিট করা হয়েছিল।
পরদিন ২৮ জুলাই ফাইয়াজের জন্মনিবন্ধন ও এসএসসি পরীক্ষার সনদ আদালতে উপস্থাপন করে তার আইনজীবীরা জানান, তিনি অপ্রাপ্তবয়স্ক। পরে ঢাকা শিশু আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে সাত দিনের রিমান্ডের আদেশ বাতিল করেন। একই সঙ্গে তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২৯ জুলাই হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষও স্বীকার করে, ফাইয়াজকে রিমান্ডে নেওয়া এবং দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনা ভুল ছিল।
জুলাইয়ের সেই ঘটনা ফাইয়াজকে দেশজুড়ে পরিচিত করে তোলে। গ্রেপ্তার, কারাবাস ও নানা প্রতিকূলতার অভিজ্ঞতা পেরিয়ে আবারও পড়াশোনায় মনোযোগী হন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজের মেধার পরিচয় দিলেন আলোচিত এই শিক্ষার্থী।